মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ ২০২৬-২৭-এর সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নজরুল বর্ষ ২০২৬-২৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শামীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শফিকুল ইসলাম বুলবুল বলেন, নজরুল আমাদের প্রেরণা। ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কাজী নজরুল ইসলামের কবিতা মুক্তিযোদ্ধা তথা বাঙালি মুক্তিকামী মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়েছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে এনেছিলেন এবং তাঁর চিকিৎসাসেবার ব্যবস্থা করেছিলেন। আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনাকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নজরুলের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার চেতনা সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

