মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গায় দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা সহ্য করতে না পেরে সোহরাফ (৮০) নামের এক বৃদ্ধ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার মধ্যে যেকোনো একসময় নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাজিপুরদিয়ার নতুনপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহরাফ ওই গ্রামের মৃত আকছের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ সোহরাফ দীর্ঘদিন ধরে তীব্র পেটব্যথায় ভুগছিলেন। সার্বক্ষণিক অসুস্থ থাকার কারণে তিনি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। ঘটনার দিন রাতে কোনো একসময় তিনি নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, সংবাদ পেয়ে আমি ও এসআই মো. আব্দুল মালেকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি কাফন-দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

