নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু।
বুধবার (১৭ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে সকল অভিভাবক সদস্য তাঁর নাম সভাপতি পদে প্রস্তাব করেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হলে সাংবাদিক মো. মনিরুল ইসলাম তালুকদার ডাবলুকে সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সমজান আলী সাজু, ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভাপতি নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম ডাবলু বলেন, আমাকে ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় ধামনপাড়াবাসীসহ সকল সম্মানিত সদস্য, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব।
তিনি বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

