মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সাংবাদিক মো. আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা কালীমন্দির-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মো. আরিফুল ইসলাম (৩৫) নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং নাটোর জেলা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ মোটরসাইকেল নিয়ে বাঁশিলা মেইন সড়কে ওঠার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ডান পায়ে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

