নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে হেরোইন সেবনের দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় আদালত তাঁদের তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার (১২ অক্টোবর) আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল থানা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় থানা পাড়ার মো. সোহরাব হোসেনের বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সর্দারপাড়ার মাহাতাব হোসেনের ছেলে মো. রাব্বি (২৩) এবং থানা পাড়ার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহরাব হোসেন (৩০)।
গ্রেপ্তারের পর তাঁদের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় তাঁদের উভয়ের শরীরে হেরোইন সেবনের উপস্থিতি পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পরবর্তী সময়ে তাঁদের নাটোরের নলডাঙ্গা আমলি আদালতের বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করা হলে আদালত উভয়কে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, নলডাঙ্গায় মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

