নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার মোমিনপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়।
এ সময় আলতাব হোসেন (৪৮) নামে এক ব্যক্তির কাছ থেকে চার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হেরোইন জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, নলডাঙ্গা উপজেলা মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী এ অভিযানে নলডাঙ্গা থানার প্রসিকিউটর এসআই আব্দুল মালেকসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
পরে আলতাব হোসেন তার অপরাধ স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আলতাব হোসেন মোমিনপুর গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে।

