সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় নারীঘটিত বিরোধে মারপিট, যুবদল-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নলডাঙ্গায় নারীঘটিত বিরোধে মারপিট, যুবদল-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নারীঘটিত বিরোধের জেরে এক যুবককে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত মো. আক্তার হোসেন (২৬) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা যুবদলের এক নেতা ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) নলডাঙ্গা থানায় এ ঘটনায় একটি মামলা (মামলা নং-০৭, তারিখ: ১৭/০৯/২০২৬) দায়ের করা হয়। দুপুর সাড়ে ১টায় মামলাটি দায়ের করেন আহত আক্তার হোসেনের বাবা মো. এরশাদ আলী (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নলডাঙ্গা থানাধীন ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সেখানে পৌঁছালে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে আক্কাশের মোড়ের পাকা সড়কের ওপর আক্তার হোসেনের ওপর হামলা চালানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ১ নম্বর বিবাদী মো. মাহবুবুর রহমান ও ২ নম্বর বিবাদী মো. মহসিনসহ অন্যান্য বিবাদীরা বাঁশের লাঠি দিয়ে আক্তার হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।

আঘাতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আক্তার হোসেন। পরে স্থানীয়রা রাত সোয়া ৯টার দিকে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ১১টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাঁশিলা গ্রামের তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মৃত জমসেদ খানের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৫), মো. মাসুদের ছেলে ও ছাত্রদল কর্মী মো. শাকিল (২৫) এবং সেন্টু ওরফে কান্টুর ছেলে ও ছাত্রদল কর্মী মো. হিমেল (২৫)।

ঘটনার সংবাদ পেয়ে নলডাঙ্গা থানার তদন্ত পরিদর্শক, সেকেন্ড অফিসার এসআই সুব্রত কুমার, এসআই মো. আব্দুল মালেক, এসআই হাসান মাহমুদ, এসআই শাহিন বাদশা, এসআই মেহেদী ও এএসআই জাকির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, ঘটনার পর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এর ভিত্তিতে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *