মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত “নজরুল বর্ষ ২০২৬-২০২৭” পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক, প্রেম ও সাম্যচেতনার গান পরিবেশন করেন। পাশাপাশি কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনারও আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় কবির সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম, উপজেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম বুলবুল, পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, পৌরসভার সাবেক পৌর প্রশাসক এম. এ. হাফিজ, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা অনুষ্ঠানটি উপভোগ করেন।

