মনিরুল ইসলাম ডাবলু (নাটোর জেলা প্রতিনিধি): নাটোরের নলডাঙ্গা উপজেলার কালজয়ী নেতা, ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামার কাজীপুরের কৃতী সন্তান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের টানা ৩৬ বছরের সাবেক চেয়ারম্যান এবং জাতীয় সংসদের সাবেক হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পিতা ডা. নাসির উদ্দীন তালুকদারের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে ডা. নাসির উদ্দীন তালুকদার মহাবিদ্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম বেলাল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মরহুমের নাতি মো. শফিকুল ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, ডা. নাসির উদ্দীন তালুকদার নলডাঙ্গা এলাকার একজন কালজয়ী পুরুষ। তিনি একটানা ৩৬ বছর ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি নাটোর মুসলিম ইনস্টিটিউট প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন। নলডাঙ্গা রেলওয়ে স্টেশন ও বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, ‘তৎকালীন বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে তিনি ঘোড়ায় চড়ে বিভিন্ন এলাকার মানুষের কল্যাণে ছুটে বেড়িয়েছেন। তাঁর উন্নয়নের ছোঁয়া আজও নলডাঙ্গার জনপদের মানুষের মনে স্মৃতি হয়ে আছে।’
অনুষ্ঠানে ডা. নাসির উদ্দীন তালুকদারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যাপক আনোয়ার হোসেন, নূরুল ইসলাম প্রমুখ।
স্মরণসভায় মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

