মনিরুল ইসলাম তালুকদা, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় আগুনে এক কৃষকের ৮টি ছাগল পুড়ে মারা গেছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে ৮টি ছাগল পুড়ে মারা যায় এবং দুটি ছাগল গুরুতর দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে, ছাগলের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার নশরৎপুর গ্রামে আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরৎপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. সাহাবুরের ছাগলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বসতবাড়িতে। আগুনে ঘরে থাকা ১০টি ছাগলের মধ্যে ৮টি পুড়ে মারা যায় এবং ২টি ছাগল দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া পশ্চিম ও উত্তর পাশের দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আগুনে পাশের বাড়ির আবু তাহেরের নগদ বিশ হাজার টাকা ও আসবাবপত্র পুড়ে যায় এবং আবুল কালাম আজাদের ঘরে রাখা ভুট্টাও পুড়ে যায়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুদ তালুকদার। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরবর্তীতে সরকারি সহায়তার আশ্বাস দেন।

