নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে মো. শান্ত ইসলাম (২৬) নামে এক যুবসংগঠনের নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত শান্ত ইসলাম নাটোর জেলা এনসিপির যুবসংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং সেনভাগ লক্ষীকুল গ্রামের আ. সাত্তারের ছেলে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়নের সেনভাগ ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সেনভাগ ইসলামিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিলেন। খেলা শেষে মাঠেই সেনভাগ মাদ্রাসাপাড়ার মৃত সাদেক আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫), যিনি আওয়ামী লীগপন্থী বলে স্থানীয়রা দাবি করেছেন, এবং তাঁর ছেলে মো. শান্ত ইসলাম (২০) আহত শান্তকে উদ্দেশ করে বলেন, এই মাঠে আর ফুটবল খেলা হবে না, সামনে আমার নেত্রী আসতেছে।
এ বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবা-ছেলে মিলে আহত শান্ত ইসলামকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত ও গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথায় পাঁচটি সেলাই দেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টা ৫ মিনিটে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
পরবর্তীতে রাত ৯টার দিকে আহত ব্যক্তি তাঁর স্বজন ও সমর্থকদের সঙ্গে নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আহত শান্ত ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বাদী অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

