নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জিনের নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসজিদে ফজরের আজান দেওয়া শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মোয়াজ্জিনকে পড়ে থাকতে দেখেন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে গুরুতর আঘাত করে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে আহতের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যান। সকাল আনুমানিক ৭টা ২৫ মিনিটে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, আহত ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানা পুলিশের পক্ষ থেকে প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

