নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খেজুরবাগ কবরস্থান-সংলগ্ন চর শৈল্যাগামী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চর শৈল্যা গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ শাহীন ওরফে সজিব (২৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর শিকদারের ছেলে হৃদয় শিকদার ওরফে মৃণাল (২৫)।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খেজুরবাগ কবরস্থান-সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহীন ও হৃদয়কে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে শাহীনের কাছ থেকে ৬০ পিস এবং হৃদয়ের কাছ থেকে ৩৫ পিসসহ মোট ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ২৮ হাজার টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া দুজনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।

