নবাবগঞ্জ (ঢাকা): বিশেষ অভিযান চালিয়ে ঢাকার নবাবগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নবাবগঞ্জ ও দোহার থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট ২০২৬ রাত ১০টা ১৫ মিনিটের দিকে নবাবগঞ্জ থানাধীন বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ বাজারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. সেলিম (৪২) ও মো. শান্ত ইসলাম (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সেলিম নবাবগঞ্জ থানার বাহ্রা চরকান্দি এলাকার মো. নাসিরের ছেলে এবং নবিজা বেগমের সন্তান। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর গ্রেপ্তার মো. শান্ত ইসলাম দোহার থানার রামনাথপুর এলাকার মো. সারো হোসেনের ছেলে এবং ফাহিমা বেগমের সন্তান। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-২০, তারিখ ১৩ আগস্ট ২০২৬। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

