নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে কিস্তির টাকার চাপে স্ত্রীর হাতে লাঞ্ছিত হয়ে মো. রাফি নামে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন বান্দুরা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন রাফির স্ত্রী রাজিয়া। ওই টাকা তিনি এক প্রতিবেশীর কাছে ধার দেন। সম্প্রতি ওই প্রতিবেশী টাকা নিয়ে পালিয়ে গেলে কিস্তির টাকা পরিশোধের জন্য রাজিয়া তার স্বামী রাফির ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।
এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। গত সোমবার সন্ধ্যায় বিরোধের একপর্যায়ে রাজিয়া প্রকাশ্যে তার স্বামীকে জুতা দিয়ে মারধর করেন। এতে অপমানিত হয়ে রাফি মানসিকভাবে ভেঙে পড়েন।
সোমবার রাতে রাফি ওই বাসায় একাই ছিলেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘরের দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রাফিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত রাফি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বড়শ্রী বর্ধি গ্রামের আবু মাতব্বরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জের নতুন বান্দুরা এলাকায় মো. হাকিমের বাড়িতে ভাড়া থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

