নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ফুলমতি (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফুলমতি ওই এলাকার স্থানীয় মাদক ব্যবসায়ী পচু মিয়ার স্ত্রী।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, পচু মিয়া ও তার স্ত্রী ফুলমতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশের একটি চৌকস দল পচু মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পচু মিয়া কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী ফুলমতি পুলিশের হাতে ধরা পড়েন।
তল্লাশিকালে ফুলমতির হেফাজত থেকে ২১০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, পলাতক পচু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত ফুলমতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

