খাগড়াছড়ি প্রতিনিধি: ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যেতে পারবে। আর হজ করতে হবে না। নারীদের পর্দার আড়ালে থাকতে হবে।’ এসব অপপ্রচার বন্ধ করে সাধারণ মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চেয়ে সাধারণ জনগণকে বিভ্রান্তি চালাচ্ছে জামায়াতে ইসলামী।
শনিবার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নী সম্মেলনে খাগড়াছড়ি ২৯৮নং আসনের পদপ্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র গায়ে বিভিন্ন তকমা লাগিয়ে ভোট পাওয়ার কৌশল অবলম্বন করছে জামায়াতে ইসলামী।
এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কাজী মাওলানা আবু তাহের আনসারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছোবহানিয়া আলিয়া কামিল মাদরাসা ও চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী (মু.জি.আ.), খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ।

