দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ২৮তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. মাঈনুল ইসলাম ৪৯ কোটি ৬৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে কোনো ধরনের কর বৃদ্ধি করা হয়নি। পৌরসভার নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২২ লাখ ১৪ হাজার ১৩৫ টাকা। এছাড়া পানি সরবরাহ কার্যক্রম সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেটে রাস্তা, ড্রেন, স্ট্রিট লাইট, হাট-বাজার উন্নয়ন, পৌর ভবন সংস্কার, পানি সরবরাহ ও স্যানিটেশন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সৌরবিদ্যুতচালিত সড়কবাতি স্থাপন, পার্ক নির্মাণ এবং পৌরসভার সার্বিক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে দোহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

