দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত খলিল বেপারী (৩৯) উপজেলার বটিয়া এলাকার মোন্নাফ বেপারীর ছেলে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম এবং এসআই সুমন সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ডাকাত দলের সক্রিয় সদস্য খলিল বেপারীকে গ্রেফতার করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রেফতারকৃত খলিল বেপারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

