দোহার (ঢাকা): দোহার উপজেলা-এ প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় সাড়ে ৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা-১ আসন-এর সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনসাধারণকেও সচেতন হতে হবে। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিল্পবর্জ্য যেন খাল-নদীতে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকদের সতর্ক থাকতে হবে।
খন্দকার আবু আশফাক জানান, বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় পৌরসভার পালামগঞ্জ থেকে হাতুরপাড়া পর্যন্ত ৩ কিলোমিটার এবং কুসুমহাটি ইউনিয়নের নয়ানগর হয়ে ঈমামনগর পর্যন্ত আড়াই কিলোমিটার, মোট সাড়ে ৫ কিলোমিটার খাল খনন করা হবে। এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৫০২ টাকা। পর্যায়ক্রমে দোহার উপজেলার সব খাল উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, খাল পুনঃখননের ফলে প্রায় এক হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সেচ সুবিধা পেয়ে কৃষিকাজে উপকৃত হবেন।
এদিকে খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, দ্রুত কাজ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রকৌশলী এম এ রাজু আহমেদ, পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম এ মামুনুর রশীদ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, মহিলা দলের যুগ্ম সম্পাদক সম্পা আক্তার, মৎস্যজীবী দলের সভাপতি রমজান হোসেন এবং কৃষক দলের সম্পাদক রফিক কবিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

