দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক সন্দিগ্ধ আসামিসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার (১৪ জানুয়ারি) যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন ডা. মো. মোস্তফা (৪৫)। তিনি দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দক্ষিণ রাধানগর এলাকার মৃত মঙ্গল মাদবরের ছেলে।
ডা. মোস্তফাকে দোহার থানার একটি নিয়মিত মামলায় (এফআইআর নং-১০, তারিখ: ০৯ জুলাই, ২০২৫; জিআর নং-১৭১, তারিখ: ০৯ জুলাই, ২০২৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২/১৩ ধারায় অভিযোগ রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় তাকে এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে সিআর মামলা নং-৫৬৩/২০২৫ (এনআই অ্যাক্ট-১৩৮) এবং সিআর প্রসেস নং-৩০১/২৬-এর ওয়ারেন্টভুক্ত আসামিদেরও গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
দোহার থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

