দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় এবং রাজস্ব খাতের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে মাছ চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) উপজেলা চত্বরে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান কার্যক্রমের মধ্যে ছিল গৃহস্থালী প্রদর্শনী এবং বিল নার্সারি কার্যক্রম। ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ জন মৎস্যচাষীকে গৃহস্থালী প্রদর্শনী পুকুরের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। এছাড়া রাজস্ব খাতের আওতায় উপজেলার গুরুত্বপূর্ণ দুটি বিল নার্সারির জন্য বিশেষ উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামসহ উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও), স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত জাতের পোনা ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে প্রান্তিক চাষিদের স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

