সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে বৃদ্ধ নূর মোহাম্মদ হত্যা: প্রধান আসামি রিয়াজুল পটুয়াখালী থেকে গ্রেপ্তার

দোহারে বৃদ্ধ নূর মোহাম্মদ হত্যা: প্রধান আসামি রিয়াজুল পটুয়াখালী থেকে গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামি রিয়াজুলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) তাকে পটুয়াখালী জেলা থেকে গ্রেপ্তার করে দোহার থানায় আনা হয়েছে।

গ্রেপ্তার রিয়াজুল উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আন্তা বাহ্রার বাগেরকাচা গ্রামের সেলিম বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ তারিখ সকালে গাছের কাটা ডালের ভাগাভাগি নিয়ে প্রতিবেশী সেলিম বেপারীর সঙ্গে নূর মোহাম্মদের বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে সেলিম বেপারীর ছোট ছেলে রিয়াজুল ধারালো অস্ত্র দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান। ঘটনার পর থেকেই রিয়াজুল আত্মগোপনে ছিলেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নূর মোহাম্মদ হত্যা মামলার প্রধান আসামি রিয়াজুলকে আমরা পটুয়াখালী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে থানায় আনা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *