দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চইতা পাথর এলাকায় বাবার বাড়ি থেকে সাদিয়া আক্তার স্বর্ণা (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বর্ণা ওই এলাকার বাসিন্দা সুলতান আহমেদের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে প্রথম স্বামীর সঙ্গে স্বর্ণার আইনগতভাবে বিবাহবিচ্ছেদ হয়। প্রথম সংসারে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে পরিবারের সম্মতিতে মোবাইল ফোনের মাধ্যমে প্রায় আট মাস আগে তাঁর দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে বাবার বাড়ির নিজ ঘরে চালের আড়ার (নোড়া) সঙ্গে স্বর্ণাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাবা সুলতান আহমেদ। এ সময় তাঁর ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্বজনেরা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

