মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও মাদকমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে সুধী সমাবেশের মাধ্যমে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন কুলিয়ারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুরোদমে গণসংযোগ করে মাঠে কাজ করছেন।
গত ১২ সেপ্টেম্বর শনিবার বাদ আসর নিজ গ্রাম পৌরসভার আশ্রবপুরে পৌর কৃষক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্থানীয় বিপুলসংখ্যক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন দেলোয়ার হোসেন।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও মো. দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করছেন। পৌর যুবদলের এই যুগ্ম আহ্বায়ক কুলিয়ারচর পৌরসভার আশ্রবপুর মহল্লার মরহুম জারু মিয়ার সন্তান। তৃণমূলের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মাঝে আস্থা ও ভালোবাসার স্থান তৈরি করে নিয়েছেন। প্রবীণদের পাশাপাশি তরুণ সমাজের মধ্যেও তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
রাজনৈতিক জীবনে তিনি প্রথমে কুলিয়ারচর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ কারাগারে মোট আটবার কারাবরণ করেছেন। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মো. শরীফুল আলমের সঙ্গেও একটি রাজনৈতিক মামলায় তিনি একসঙ্গে কারাবাস করেছেন।
সংসদ সদস্য মো. শরীফুল আলমের আস্থাভাজন হিসেবে পরিচিত মো. দেলোয়ার হোসেন নিজের আশাবাদ ব্যক্ত করে বলেন, পৌরসভার শোষিত, বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই আমার মূল লক্ষ্য। এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তাঘাট মেরামতসহ একটি আধুনিক ও আদর্শ এলাকা গড়ে তুলতে আমি সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। গত নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে অংশগ্রহণ করলেও তৎকালীন সময়ের নানা প্রতিকূলতার কারণে আমি সফল হতে পারিনি। এবার জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ আমাদের জয় নিশ্চিত।
এলাকাবাসীর মতে, ওয়ার্ডের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে মো. দেলোয়ার হোসেনের মতো একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই।

