দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ডাইয়ারকুম বটতলা এলাকায় শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী ‘বন্ধন সেবা সংগঠন’ এবং ‘ডি এন মেডিকেল সার্ভিসেস’ এর যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে স্থানীয় এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
ক্যাম্পেইনটিতে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিমাপ, রক্তচাপ (প্রেসার) মাপা এবং ওজন পরিমাপের মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধা প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ তৈরি করে দেওয়া। স্থানীয় বাসিন্দারা এই ক্যাম্পকে স্বাগত জানিয়ে বলেছেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে যারা চিকিৎসার সুযোগ কম পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন সেবা সংগঠনের সভাপতি রানা মাস্টার, সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শান্ত, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ জিসান, কোষাধ্যক্ষ মো. কাউছার হোসেন, মিডিয়া ম্যানেজার সামিউল মোল্লা ফারদিন, গগন শিকদার, নাহিদ ইসলাম, রাব্বি মাহমুদ, নাজমুল হোসেন, বিউটি আক্তার, পামেলা আক্তার, দুর্জয় খানসহ সংগঠনের আরও অনেকে।
সংগঠনের সদস্যরা ক্যাম্পের সফলতায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের আরও সেবামূলক ক্যাম্প আয়োজন করা হবে। এই ক্যাম্পেইনটি স্থানীয় সম্প্রদায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

