দোহার (ঢাকা): দোহার উপজেলা-এ ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগানে সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে নদী বিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২৫টি বকনা বাছুর ও ১০০টি মুরগি বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগ-এর আয়োজনে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রাণি বিতরণ করা হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মাঈদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক, ডা. মো. শামীম হোসেন, মো. আব্দুস সাত্তার, এসএম কুদ্দুস, নজরুল ইসলাম মেছেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগীরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

