ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে “ক্যাশলেস বাংলাদেশ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি পৌর শহরের মিনি সুপার মার্কেটের চতুর্থ তলায় এ সভার আয়োজন করে Pubali Bank PLC। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক এজিএম মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম উত্তরাঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক একেএম মাসুদ।
সভায় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তরাঞ্চলের এডিসি প্রধান মাহফুজ আলম প্রেজেন্টেশনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। মোবাইল ব্যাংকিং, কিউআর কোড পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারসহ আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় অতিথিরা বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার প্রতি আস্থা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এস অনন্ত বিকাশ ত্রিপুরা, ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন দীপ্ত, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা এবং জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।
সভা শেষে অতিথিরা ক্যাশলেস কাউন্টারের উদ্বোধন করেন। পরবর্তীতে “ক্যাশলেস খাগড়াছড়ি” ব্যানারে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে Pubali Bank PLC-এর খাগড়াছড়ি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

