দোহার (ঢাকা): ঢাকার দোহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বানাঘাটা এলাকায় কাতারপ্রবাসী শেখ বাবুলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রবাসী শেখ বাবুলের স্ত্রী ফুয়ারা আক্তার জানান, জানালার গ্রিল কেটে এক ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে মূল দরজা খুলে দিলে অন্য ডাকাতরা ঘরে ঢোকে। এ সময় ডাকাতরা তাঁকে ও তাঁর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলছে।
এ ঘটনায় পূর্ব বানাঘাটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

