দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় পারিবারিক রাস্তা দিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে ভুক্তভোগী আক্তার মাহমুদের বড় ভাই রাকিব মাহমুদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকার।
ভুক্তভোগী আক্তার হোসেন বলেন, আমার সেজো ভাই রাকিব মাহমুদ রাস্তার সাথে জমি নিয়ে বিল্ডিং করেছে। আমাদের দেয়া হয়েছে পেছনে, মা জীবিত থাকতে বলে গিয়েছেন পেছনে আমাদের যাওয়ার জন্য রাস্তা রাখতে। সেজো ভাই রাস্তা রাখলেও সেখান দিয়ে চলাচলে বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি করে। দোতলা থেকে ওয়াশরুমের ময়লা পানি ফেলে, রান্নাঘরের উচ্ছিষ্ট ময়লাও মাঝে মধ্যে রাস্তায় ফেলে রাখে। বালু রেখে মেইন গেট দুদিন বন্ধ করে রেখেছিল, এখন বস্তা ভরে দু পাশে রেখেছে। আমার চলাচলে অনেক অসুবিধা হয়। তাদের বললেও শোনে না।
তিনি আরও অভিযোগ করে বলেন, এখন আমার ও আমার আরেক ভাইয়ের বাড়ির উপর দিয়ে রাস্তা নিতে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করছে। আমার ভাইয়ের জমিতে গেট লাগাতেও বাধা দেয় তিনি।
ভুক্তভোগী আক্তার হোসেন স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলেও জানান তিনি।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হুুমায়ুনের সাথে কথা হলে তিনি জানান, রাকিব মাহমুদ তার ভাইয়ের সাথে অন্যায় করছে। সে কারো কথা শোনে না। রাস্তাটি নোংরা করে রাখে। এখন জোর করে বাড়ির পেছনে রাস্তা নিতে চাচ্ছে, অথচ সেখানে কোন রাস্তার প্রয়োজন নেই। এবিষয়ে সাবেক চেয়ারম্যান সহ বসা হলেও রাকিব মাহমুদ কথা শোনেন নি।
ভুক্তভোগী আক্তার মাহমুদের অভিযুক্ত বড় ভাই রাকিব মাহমুদ বাড়িতে না থাকায় তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি ফোনে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি।

