দোহার (ঢাকা): ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী মৎস্য কর্মকর্তা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, মকসুদপুর ডাকবাংলা এলাকার পদ্মা নদীতে পেতে রাখা অবস্থায় প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে নারিশা এলাকার পদ্মা নদীর চরে পরিত্যক্ত অবস্থায় আরও প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মৈনটঘাটে নদীর পাড়ে জনসম্মুখে উদ্ধার করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং ইলিশ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

