দোহার (ঢাকা: ঢাকা জেলার দোহার উপজেলায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির পরিবার। ভুক্তভোগী পরিবার উপজেলা আওয়ামী যুব লীগের সদস্য আবু জুনায়েদ বিপ্লব, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর এলাহি ও দলিল লেখক মশিউর রহমান উদ্যমের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. বাবু খান লিখিত বক্তব্যে জানান, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। উপজেলার মধুরচর গান্ধী আশ্রমের পাশে তার বাবা মৃত চান খানের ক্রয় করা ৩৫ শতাংশ জমি রয়েছে। যার দলিল নম্বর ২৩০৪ (১৯৬৩ সালে রেজিস্ট্রিকৃত)। এই জমির মৌজা-মধুর চর এবং সিএস, এসএ, ও আরএস খতিয়ানেও তাদের মালিকানার তথ্য উল্লেখ রয়েছে। তিনি দাবি করেন, তারা প্রায় ৬০ বছর ধরে জমিটি ভোগ-দখল করে আসছেন।
কিন্তু এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত যুব লীগ নেতা আবু জুনায়েদ বিপ্লব, অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর এলাহি এবং মশিউর রহমান উদ্যম বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধামকি, মিথ্যা মামলা এবং হামলার মাধ্যমে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।
বাবু খান বলেন, গত ১৩ সেপ্টেম্বর এলাকার মুরুব্বিদের উপস্থিতিতে তারা কৌশলে ভিন্ন দাগের দলিল দেখিয়ে যোগসাজসের মাধ্যমে তার জমিটি বলপূর্বক দখল করে নেন। এরপর তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত সেনা ক্যাম্পের দ্বারস্থ হন।
বাবু খানের অভিযোগ, মেজর (অব.) মঞ্জুর এলাহী তার সাবেক সামরিক পরিচয় প্রদানের মাধ্যমে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন। এর ফলে অসহায় এই পরিবারটি সকল প্রকার প্রশাসনিক সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে কেউ তাকে সহযোগিতা করতে চাইলেও তাকেও হুমকি-ধামকির শিকার হতে হচ্ছে। এমন ভীতিকর পরিস্থিতিতে বাবু খান ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী বাবু খানের স্ত্রী অভিযোগ করেন, তারা বারবার প্রশাসনের কাছে গেলেও কোনো সহযোগিতা পাননি। অথচ বিপক্ষ লোকজন ডাকলেই প্রশাসন তাদের ডাকে সাড়া দিচ্ছে। তিনি আরও জানান, থানায় গেলে তারা আর্মির কাছে যেতে বলেন। আবার আর্মির কাছে গেলে থানায় যেতে বলেন।
ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের জমিটি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

