দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় চোর চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দোহার থানা পুলিশ।
গ্রেপ্তার নারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার স্ত্রী সাথী বেগম (২১), একই গ্রামের পূর্বপাড়ার মৃত সালেক ভূঁইয়ার স্ত্রী আছিয়া (৪৯), আব্দুল মালেকের স্ত্রী ফাতেমা বেগম (২৬) এবং ধনি মিয়ার স্ত্রী রফুলা খাতুন (৫০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে প্রথম তিনজন বর্তমানে রাজধানী ঢাকার পল্টন এলাকায় গুলিস্তান পুরাতন রেলস্টেশনসংলগ্ন সুমন মিয়ার কলোনির ভাড়া বাসায় বসবাস করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার নারীরা চোর চক্রের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাতে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের ফকির বাড়ির ভেলা ভাসানোর মেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের পর শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

