দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২৭০টি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর নেতৃত্বাধীন টিম বিলাশপুর ইউনিয়নের কুলছড়ি গ্রামে অবস্থিত দুটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাংলাদেশ নৌ পুলিশ সহযোগিতা করে। এ সময় ২৭০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, মৎস্যসম্পদ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ জাল উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

