ঢাকা (দোহার): ঢাকার দোহার উপজেলার মৈনট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির একটি দল। শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাহমুদপুর ইউনিয়নের মৈনট পশ্চিম পাশের একটি কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১) বেদে আকাশ (২৮), পিতা- মৃত হানিফ, বর্তমান ঠিকানা- বাহ্রা চরকান্দি (ভাড়াটিয়া); ২) মো. রুবেল (৩৪), পিতা- ইমরান, সাং- বাহ্রা চরকান্দি; ৩) খোরশেদ আলম ওরফে রুবেল (৪৬), পিতা- গোলাম কাদের, সাং- আগলা কালোহাটি, থানা- নবাবগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের তত্ত্বাবধানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. জুবাইদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মৈনট এলাকায় অবস্থান নেওয়া হয়।
অভিযানকালে একটি নীল রঙের ব্যাটারিচালিত তিন চাকার মিশুক অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটি থামায়। তল্লাশি চালিয়ে অটোরিক্সাটি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়।
দোহার থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

