সর্বশেষ :
19 Oct 2026, Mon

কমলগঞ্জে পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন

কমলগঞ্জে পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের কমলগঞ্জে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে চতুর্থ ডোজ পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

কমলগঞ্জ উপজেলায় এ কর্মসূচির আওতায় ১৭ হাজার পিপিআর ভ্যাকসিন এসেছে। উদ্বোধনের প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ২০০টি ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কমলগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কুমার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগের কারণে খামারি ও প্রান্তিক পশুপালকেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সরকারের উদ্যোগে বিনামূল্যে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কমলগঞ্জে ১৭ হাজার ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পশুপালকদের নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের ছাগল ও ভেড়াকে টিকা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, পিপিআর রোগ প্রতিরোধে ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনতে উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *