সর্বশেষ :
19 Oct 2026, Mon

দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সর্বজনীন, আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দেশজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসব চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ নিরাপত্তা পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় বিজিবির টহল জোরদার, স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় করা হবে।

বিশেষ করে সাম্প্রদায়িক উসকানি, গুজব ছড়ানো কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আগেই তা শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজিবির নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, দেশের সীমান্তবর্তী এলাকার আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং বিভিন্ন ব্যাটালিয়ন সদরের কাছাকাছি মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা সরাসরি নিরাপত্তা সহযোগিতা দেবেন। পাশাপাশি দেশের দুর্গম ও ভৌগোলিকভাবে দূরবর্তী এলাকায় দ্রুত টহল নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বিজিবি ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার নিরাপত্তা প্রসঙ্গে বিজিবির পরিচালক (অপারেশন) জানান, সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে ঢাকায় বিজিবি মোতায়েন এবং তাদের দায়িত্বের পরিধি নির্ধারণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক টহল, গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিজিবির বিশেষ দল প্রস্তুত থাকবে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান আরও বলেন, দুর্গাপূজা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দীর্ঘ ঐতিহ্যের এক অনন্য প্রকাশ। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি মাঠপর্যায়ে সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *