বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামের সঠিক দাওয়াত, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা প্রসারে কাজ করে যাচ্ছেন তরুণ আলেম মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ সাদেকী। প্রথাগত ধর্মীয় পাঠদানের পাশাপাশি তরুণ সমাজকে সুপথে পরিচালিত করা এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।
অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঁচ সদস্যের নিয়োগ কমিটি ও বিচারকদের তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ এই পরীক্ষায় অন্য প্রার্থীদের পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর অর্জন করেন মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ সাদেকী। পরবর্তীতে ১ মার্চ ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে লামা মডেল মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষাজীবন ও অর্জন:
শিক্ষাজীবনে দেশীয় ও আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় কওমি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এই মেধাবী আলেম। দাওরায়ে হাদিসে চট্টগ্রামের বিখ্যাত জামিয়া জিরি থেকে কৃতিত্বের সঙ্গে স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হন তিনি। রাজধানী ঢাকার বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ থেকে উচ্চতর হাদিস গবেষণায় স্টার মার্কসহ বিশেষ যোগ্যতা অর্জন করেন। একই গবেষণা প্রতিষ্ঠান থেকে ফতোয়া ও ইসলামী আইনে স্টার মার্কসহ বিশেষায়িত ডিগ্রি লাভ করেন। এ ছাড়া জামিয়া জিরি, পটিয়া থেকে কিরাআতে মুজাওয়াদ কোর্সে স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হন। ইসলামি অর্থনীতিতেও তিনি বিশেষ জ্ঞান অর্জন করেছেন।
লামায় যোগদানের আগে দেশের বিভিন্ন নামকরা দ্বীনি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
- শিক্ষা সচিব, মুফতি ও মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সাভার, ঢাকা।
- শিক্ষা সচিব, মুফতি ও মুহাদ্দিস, আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা, লক্ষ্মীপুর সদর।
- পরিচালক (মুহতামিম), জামিয়া দারুস সুন্নাহ, গফরগাঁও, ময়মনসিংহ।
লেখালেখি ও গবেষণা:
ইসলামি শিক্ষাঙ্গনে তাঁর রচিত ও গবেষণামূলক একাধিক বই ও থিসিস ইতোমধ্যে সুধী মহলে সমাদৃত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো—
- আহকামুল ফারায়েজ: ইসলামি উত্তরাধিকার আইন ও সম্পত্তি বণ্টনসংক্রান্ত।
- শিরকায়ে বাতেলা: ব্যবসায়িক অবৈধ চুক্তি ও সমকালীন অর্থনীতিবিষয়ক।
- সালাতুল হানাফিয়া: হানাফি মাজহাবের আলোকে সালাতের দলিলভিত্তিক বিশ্লেষণ।
যুবসমাজ গঠন ও সামাজিক ভূমিকা:
লামা উপজেলা মডেল মসজিদে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত রাখা, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং বেকারত্ব দূরীকরণে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি। তরুণরা যাতে কেবল চাকরির পেছনে না ছুটে নতুন নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সে বিষয়ে তিনি নিয়মিত খুতবা ও সামাজিক আলোচনায় বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।
তাঁর তথ্যবহুল তাফসির আলোচনা, শ্রুতিমধুর উপস্থাপনা এবং সুললিত কণ্ঠে নামাজে কোরআন তিলাওয়াত মুসল্লিদের মুগ্ধ করে। নিয়মিত তাঁর আলোচনা ও তিলাওয়াত শুনে অনেকে মসজিদে নিয়মিত নামাজ আদায়ে আগ্রহী হয়েছেন। সবার সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে সালাম-কালাম ও আন্তরিক আলাপ-আলোচনার কারণে তিনি স্থানীয়দের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নিয়মিত মুসল্লিরা বলেন, ‘হুজুরের পেছনে নামাজ আদায় করলে অন্তরে অনেক প্রশান্তি অনুভব করি।’
মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ সাদেকী বলেন, ‘ইসলামের শান্তির বাণী মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, মাদকমুক্ত সমাজ গড়া এবং মানবকল্যাণে অবদান রাখার প্রত্যাশাই হোক আমার পথচলার মূল প্রেরণা।’
মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ সাদেকীর ধর্মীয় উচ্চশিক্ষা ও পেশাগত দায়িত্ব পালনের এই প্রচেষ্টা লামা অঞ্চলে ইসলামি জ্ঞানচর্চা, নৈতিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
জন্ম ও পারিবারিক পরিচয়:
মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ সাদেকী কক্সবাজার জেলার চকরিয়া থানার অন্তর্গত ৩ নম্বর কৈয়ারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খিলছাদক গ্রামে জন্মগ্রহণ করেন। জনাব আব্বাস আহমদের চার ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে তিনি সপ্তম। পরিবারের সব সদস্যই ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত।

