শফিকুল ইসলাম (সাতক্ষীরা): তালা সরকারি কলেজ কর্তৃপক্ষ মর্নিং গ্রুপের খেলাসহ সকল ধরনের খেলাধুলা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে।
জানা যায়, তালায় খেলাধুলার জন্য তালা সরকারি কলেজ ফুটবল মাঠটিই একমাত্র খেলার মাঠ। বহু আগে থেকে এই মাঠে সব ধরনের খেলাধুলা হয়ে আসছে। ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে বৃদ্ধ বয়সীরাও এখানে খেলাধুলা করেন।
সাম্প্রতিক ঘোষণায় জানা যায়, তালা সরকারি কলেজ মাঠে বহিরাগতদের সকল ধরনের খেলাধুলা বন্ধ থাকবে। খেলাধুলা সবসময়ই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, কারণ এটি শুধু শরীরচর্চা নয়, উন্মাদনা, আবেগ, এবং বিনোদনের এক অসাধারণ মাধ্যম। খেলার অনেক শারীরিক ও মানসিক উপকারিতা রয়েছে।
একসময় তালা সরকারি কলেজের মাঠটি খেলাধুলার অনুপযোগী ছিল। ক্রীড়ামোদী খেলোয়াড়েরা সরকারি অনুদানের মাধ্যমে মাটি ভরাট করে খেলার উপযোগী করে তোলেন। এই মাটি ভরাটের পিছনে কলেজ কর্তৃপক্ষের কোনো ভূমিকা ছিল না।
তথ্য অনুসন্ধানে জানা যায়, মীর ফুকার হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, সোহেল আক্ষেপ করে বলেন, খেলাধুলার একমাত্র স্থান তালা সরকারি কলেজ মাঠে তাঁরা ছোটবেলা থেকে খেলাধুলা করে আসছেন, অথচ কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে আজ খেলাধুলা বন্ধ হয়ে গেল।
এখানে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও ব্যবসায়ী থেকে শুরু করে অনেকেই সকালে ও বিকালে বিভিন্ন ধরনের খেলাধুলাসহ ব্যায়ামের চর্চা করেন। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ ও প্রফুল্ল রাখার একটি চমৎকার উপায়।
প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই, তালাবাসীকে খেলাধুলার জন্য একটি নিরপেক্ষ মাঠসহ বিনোদনের ব্যবস্থা করে দেবেন। এটি তালা বাসিন্দাদের প্রাণের ও সময়ের দাবি।

