ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকে পালিয়ে যান দুই হাজতি। তাঁদের মধ্যে একজন হলেন- শফিকুল ইসলাম (২৪)। শফিকুল খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। অপরজন রাজিব হোসেন (২০)। তিনি রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।
এর মধ্যে রাজিব হোসেনকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিঅ্যান্ডটি গেটের সামনে থেকে আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন।
খাগড়াছড়ি জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, দুই হাজতি দেয়াল ডিঙিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় একজনকে দ্রুত ধরা সম্ভব হয়েছে। অন্যজনকে ধরার চেষ্টা করা হচ্ছে এবং খাগড়াছড়ির বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

