তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার প্রশাদপুর গ্রামের মৃত হাজের আলী গাজীর ছেলে সোলাইমান গাজীর দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এরশাদ গাজী গংদের বিরুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার কারণে এ জমি দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গেলে সোলাইমান গাজী ও তাঁর স্ত্রীসহ স্থানীয় অনেকে জানান, দীর্ঘদিন ধরে প্রশাদপুর মৌজার সাবেক ৪৮১ নম্বর দাগের ৭৮ শতক জমির মধ্যে পৈতৃক সূত্রে পাওয়া ৪২ শতক জমি তাঁরা দখল করে চাষাবাদ করে আসছেন। তাঁদের দাবি, প্রতিপক্ষ বিএনপির রাজনীতি করে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তাঁরা জামায়াতে ইসলামীতে ভোট দেওয়ায় প্রতিপক্ষ তাদের দীর্ঘদিনের দখলীয় জমি জোরপূর্বক দখল করে নিয়েছে।
এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে এবং তা চলমান রয়েছে বলেও জানান তাঁরা। সোলাইমান গাজীর অভিযোগ, এখন প্রতিপক্ষ তাঁদের দেখলেই গালিগালাজ করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। জীবনের নিরাপত্তাহীনতায় তাঁরা তালা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত এরশাদ গাজী বলেন, জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি। ভাগবাটোয়ারা না হওয়ায় শরিক হিসেবে সবাই নিজ নিজ অংশ ভোগদখল করে আসছেন। এ বছর খাজনা পরিশোধ করতে গিয়ে তাঁরা জানতে পারেন, সর্বশেষ ভূমি জরিপে প্রত্যেক ওয়ারিশের হিস্যা অনুযায়ী আলাদা প্লট নির্ধারণ করা হয়েছে। ম্যাপ অনুযায়ী যেখানে তাঁরা দখল করে ছিলেন সেখানে তাঁদের জমি নেই। তাই মানচিত্র অনুযায়ী প্রতিপক্ষের জায়গা ছেড়ে দিয়ে নিজেদের অংশের জমি দখল করেছেন বলে দাবি করেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লিয়াকত আলী মোড়ল বলেন, জমি মাপজোকের সময় তিনি উপস্থিত ছিলেন। আপস-মীমাংসা ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। উভয় পক্ষ রাজি হলে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানান তিনি।

