সর্বশেষ :
19 Oct 2026, Mon

ওসমানীনগরে চুরির গরুর মাংসে ইফতার মাহফিল: সওয়াবের বদলে জুটল বেইজ্জতি

ওসমানীনগরে চুরির গরুর মাংসে ইফতার মাহফিল: সওয়াবের বদলে জুটল বেইজ্জতি

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে চুরি করা গরু জবাই করে সেই মাংসে ইফতার মাহফিলের আয়োজনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর উদ্যোগে গত মঙ্গলবার (৬ রমজান) এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ কয়েক গ্রামের সহস্রাধিক রোজাদার অংশ নেন।

এর আগের দিন একই গ্রামের নাজমুল ইসলামের একটি গরু মাঠ থেকে নিখোঁজ হয়। অভিযোগ ওঠে, যুক্তরাজ্যপ্রবাসী আহমদ মধু ইফতারের জন্য তাঁর বাড়ির কেয়ারটেকার সাঈদীকে তিনটি গরু কেনার টাকা দিলেও তিনি গরু না কিনে নিখোঁজ গরুটি ধরে এনে জবাই করেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে কৈফিয়ত চান। পরে সিসিটিভি ফুটেজে জবাই করা গরুটি নাজমুল ইসলামের বলে নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় আহমদ মধু গরুর মালিককে নগদ ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন। বিব্রতকর পরিস্থিতির মধ্যে শুক্রবার রাতে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী পলাতক রয়েছেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *