তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় মাদক ও অনলাইন জুয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে হত্যা ও গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তালা প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম (নয়ন) এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, সম্প্রতি মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক নয়ন। ওই সংবাদ প্রকাশের পর প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর হয়। গত শুক্রবার রাতে পুলিশ মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিক নয়নের অভিযোগ, মহান্দী পূর্বপাড়া গ্রামের মৃত শওকত মোড়লের ছেলে মোহাম্মদ মোড়ল বিভিন্নভাবে তাকে হত্যা, গুম এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, মোহাম্মদ মোড়ল ও তার স্ত্রী আয়েশা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, অনলাইন জুয়া এবং অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাদের এসব কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানান, সাংবাদিক নয়ন সত্য ঘটনা তুলে ধরায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কারণে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তারা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাংবাদিক রফিকুল ইসলাম (নয়ন) বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করি। এরপর থেকেই বিভিন্নভাবে আমাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার বলেন, “সাংবাদিকরা যদি সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে জীবনহানির আশঙ্কায় থাকেন, তাহলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। যারা মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।”

