ঢাকা: জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার এসআই মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলশী থানা পুলিশের রাত্রিকালীন মোবাইল টিমের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় নাঈম হাসান পুলিশের হাতে হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি নিয়ে ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে।

