মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমরা দীর্ঘ ১৭ বছর দুঃশাসন দেখে এসেছি। আমরা কী চেয়েছিলাম? আমরা চেয়েছি গণতন্ত্রের দেশ, আমরা চেয়েছি উন্নয়নের দেশ, আমরা চেয়েছি জনবান্ধব দেশ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই দেশ ফিরে পেয়েছি। আমাদের কাজ ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলাদেশকে গড়ে তোলা।
তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে এলাকার জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আজকে যে মঞ্চে আমরা কথা বলতে পারছি, তা আপনাদের জন্য। আপনারা আমাদের একটি করে মূল্যবান ভোট দিয়ে এখানে দাঁড় করিয়েছেন। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন। এখন আমাদের দায়িত্ব আপনাদের দেখাশোনা করা, আপনাদের স্বপ্ন পূরণ করা এবং আপনাদের সুন্দর ভবিষ্যৎ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ে দেওয়া। সেই ব্রত নিয়েই তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছেন।
পর্যটনমন্ত্রী আরও বলেন, একজন পর্যটক যদি এখানে বেড়াতে আসেন, তাহলে তার জন্য থাকার ব্যবস্থা করতে হবে- এটাই স্বাভাবিক। তার থাকার ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা সারা বাংলাদেশের ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র নিয়ে একটি মাস্টারপ্ল্যান করেছি। সেই পরিকল্পনার মধ্যে আপনাদের এই পর্যটনকেন্দ্রটিও থাকবে।
তিনি গত ৭ আগস্ট শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের পাটুল বাজারে আয়োজিত এক বিশাল জনসভায় এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ জেলা ও নলডাঙ্গা উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

