দোহার, (ঢাকা): ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা হুদার বিরুদ্ধে ট্রাক ভর্তি কম্বল বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার দোহার উপজেলার আউলিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আউলিযাবাদ এলাকার বিএনপি নেতা ফারুক মোল্লার বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ট্রাক ভর্তি কম্বল নেওয়া হয়। বিতরণের প্রস্তুতির সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ফারুক মোল্লাসহ শতাধিক কম্বল আটকে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফারুক মোল্লা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।
তিনি জানান, নির্বাচনের আচরণবিধি স্পষ্ট লঙ্ঘন করায় ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা হুদার বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

