সর্বশেষ :
19 Oct 2026, Mon

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেফতার, দোহারে আটক ১৮

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৮

দোহার (ঢাকা): ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের চতুর্থ দিনে বিভিন্ন অপরাধে জড়িত ৮৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জুন) ২৪ ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ঢাকা (উত্তর) অঞ্চল থেকে ৩৬ জন এবং ঢাকা (দক্ষিণ) অঞ্চল থেকে ৫২ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে মাদকসংক্রান্ত মামলার ২১ জন, নিয়মিত মামলার ৩৫ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৫ জন, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জন এবং অন্যান্য মামলার ৬ জন আসামি রয়েছেন।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, ঢাকার দোহার উপজেলায় পৃথক বিশেষ অভিযানে মাদক ও অস্ত্র আইনের বিভিন্ন মামলায় আরও ১৮ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

আটককৃতরা হলেন- দোহার উপজেলার কাজিরচর এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম (২৬), একই এলাকার সালামের ছেলে সাজ্জাদ (২৭), শিলাকোঠা এলাকার শেখ তোতার ছেলে শেখ মিরাজ উদ্দিন (২৫), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. আকাশ (২৮), মধুরচর এলাকার মৃত সামছুল আলমের ছেলে মো. বিল্লাল হোসেন (২১), শিলাকোঠা এলাকার মজিদ মিয়ার ছেলে মো. নুহাস হোসেন ওরফে নাফিছ (২১), মধুরচর এলাকার জামাল মাদবরের ছেলে মো. হাসান (১৮), জয়পাড়া খারাকান্দা এলাকার হাসেন আলীর ছেলে নূর আমিন (২২), দক্ষিণ ইউসুফপুর এলাকার আবুল মাদবরের ছেলে লিমন আহাম্মেদ (২০), দক্ষিণ জয়পাড়া এলাকার শহিদের ছেলে হৃদয় (১৯), উত্তর জয়পাড়া কুটিবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. মুকুল (২০), একই এলাকার করম আলীর ছেলে ইমরুল হাসান মুন্নাফ (২৬), রাইপাড়ার ফুলতলা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ওরফে সাইফ (২৪), কুতুবপুর এলাকার সালাম মোল্লার ছেলে মো. মিঠুন মোল্লা (৪০), কাঠালিঘাটার ফারুক হোসেনের ছেলে মো. সালমান, ঝনকির মো. আজাহার খানের ছেলে মো. শরিফুল খান রুবেল (৪৫), মৃত আব্দুল করিম মোল্লার ছেলে বিলাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. তুহিন মোল্লা (৩৫) এবং উত্তর জয়পাড়ার মোবারকের স্ত্রী মিম আক্তার।

পুলিশ সূত্রে আরও জানা যায়, বুধবার রাতে দোহার উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আটজন মাদক ব্যবসায়ী, একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, অস্ত্র আইনে পাঁচজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত চারজনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *