ঢাকা (দোহার): ঢাকার দোহার উপজেল খালপাড় এলাকায় নূর আলম (৩৪) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার আজাদ মাঝির বিরুদ্ধে। শনিবার (০১ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নূর আলম জানান, তাঁর ভাগিনার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান একই এলাকার আজাদ মাঝি। শনিবার রাতে আজাদের টংঘরে মোবাইল ফেরত আনতে গেলে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আজাদ মাঝি তাঁর হাত-পা বেঁধে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় পাশের রাস্তায় এসে জ্ঞান হারান নূর আলম। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
এদিকে, নূর আলমের জ্ঞান হারিয়ে পড়ে থাকার ভিডিও ঐদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অভিযুক্ত আজাদ মাঝি বলেন, নূর আলমের ভাগিনা নেশা বিক্রি করে, তাই তাকে ধরে মোবাইল রেখে দেওয়া হয়েছে। এর বেশি কিছু জানতে হলে পুলিশ নিয়ে এসে আমার সাথে যোগাযোগ করুন।
ঘটনার বিষয়ে তদন্ত কর্মকর্তা, দোহার থানার এসআই হুমায়ুন কবির জানান, এ বিষয়ে দোহার থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

