সর্বশেষ :
19 Oct 2026, Mon

শাহজালালে পৌনে ৩ কোটি টাকার ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ, আটক ১

ঢাকায় বিমানের ফ্লাইটে ২ কোটি ৭০ লাখ টাকার ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

ঢাকা: কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এ ঘটনায় এক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওই ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং বিমানবন্দরে দায়িত্ব পালনরত সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন।

নজরদারির একপর্যায়ে মো. জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর ব্যাগ স্ক্যান করে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে এবং পণ্যগুলোর তালিকা প্রস্তুত করার সময় বিপুল পরিমাণ ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান পাথর পাওয়া যায়।

জব্দ করা পণ্যের তালিকা:

কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে-

  • ডায়মন্ড পাথরখচিত ১৮ ক্যারেটের সোনার আংটি ৩৮৯টি, ওজন ৪৭৮ গ্রাম।
  • ডায়মন্ড পাথরখচিত প্লাটিনামের আংটি ১৫১টি, ওজন ৪৫০ গ্রাম।
  • ডায়মন্ড পাথরখচিত ১৮ ক্যারেটের সাদা সোনার আংটি ৩টি, ওজন ৬ গ্রাম।
  • ডায়মন্ড পাথরখচিত ১৮ ক্যারেটের রূপার আংটি ২টি, ওজন ৮ গ্রাম।
  • ডায়মন্ড পাথরখচিত ১৮ ক্যারেটের সোনার লকেট ৫টি, ওজন ৪ গ্রাম।
  • একই ধরনের সোনার চেইন ১টি, ওজন ৫ গ্রাম।
  • ডায়মন্ড পাথরখচিত ১৮ ক্যারেটের সোনার নাকফুল ৪৭২টি, ওজন ১০৩ গ্রাম।

এ ছাড়া ছোট-বড় মিলিয়ে ৪৫ ক্যারেটের ডায়মন্ড পাথর, পোখরাজ, রুবি ও অন্যান্য মূল্যবান পাথরসহ মোট ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।

ব্যাগেজ ঘোষণা না দিয়ে এসব পণ্য আনার কারণে সেগুলো জব্দ করা হয়। স্বর্ণালংকারের প্রত্যয়ন অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় যাত্রী মো. জনি রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *