দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়পাড়া কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দাতা সদস্য আনোয়ার শফি চৌধুরী ইভো এবং গভর্ণিং বডির সদস্য ও ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ঠান্ডু, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান আসাদ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রথম শর্ত হচ্ছে শিক্ষা। জয়পাড়া কলেজের পক্ষ থেকে আমি সব শিক্ষার্থীকে সেই সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানের শেষে কলেজের ৫০ জন দরিদ্র নবাগত শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও, কলেজ রোভার স্কাউট দলের সঙ্গে মতবিনিময়ের পর স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করতে ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদান দেন খন্দকার আবু আশফাক।
শিক্ষক ও অভিভাবকরা জানান, ছাত্রদের মাঝে উদ্দীপনা ও উৎসাহ ছড়িয়ে দিতে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের শুরুতেই ইতিবাচক প্রভাব ফেলেছে।

